০৪ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকায় সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে আর্জেন্টিনা, সাথে লিওনেল মেসিও। দুইয়ের মিশ্রণে কোপা আমেরিকার জয়ের স্বপ্ন দেখছে লাতিন আমেরিকার দেশটি। কোয়ার্টার ফাইনালের চৌকাঠ পেরিয়ে এবার সেমিফাইনালের মঞ্চে আলবিসেলেস্তেরা।
রোববার ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
মেসি শুরুতে ভালো একটি সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষ মুহূর্তে লক্ষ্যভেদ করেছেন। সাথে করিয়েছেনও গোল।
দুটি এসিস্ট ও শেষ দিকে একটি গোল করলেও প্রথমার্ধেই সুবর্ণ সুযোগটি মিস করেন মেসি। ২২ মিনিটে তার নেয়া একক প্রচেষ্টার শট সরাসরি গিয়ে লাগে পোস্টের ভেতর দিকে। তবে প্রথম গোলটি বানিয়ে দিতে তার ছিল অসামান্য ভূমিকা। ৪০ মিনিটে তার দেয়া বল ধরেই জাল কাঁপান রদ্রিগো দে পল।
শেষ দিকেও একই কাজটি করেন লাউতারো মার্তিনেসের বেলায়। মেসির এসিস্টে আসে দ্বিতীয় গোল। শেষ দিকে যোগ হওয়া সময়ে আনহেল দি মারিয়াকে ফাউল করলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ৯০+৩ মিনিটে ডেড বল থেকে দর্শনীয় এক গোলে জাল কাঁপান মেসি। আর তাতে আর্জেন্টিনার জার্সিতে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী গোলসংখ্যা নিয়ে গেছেন ৭৬-এ। এই জয়ে ১৭ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা/এসকেএম















