একসাথে চার সন্তানের জন্ম

নিউজ ডেস্ক: মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে গৃহবধূ রোমানা ইসলাম নামের এক প্রসূতি এক সাথে চার সন্তান জন্ম দিয়েছেন। এর মধ্যে দুটি পুত্র ও দুটি কন্যা সন্তান রয়েছে। এদিকে প্রসূতিসহ দুই সন্তান সুস্থ আছেন। অপর দুই সন্তানের শ্বাসকষ্ট থাকলেও শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলায় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি রোমানার চার সন্তান জন্ম হয়। একসাথে চার নতুন অতিথি আসায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

প্রসূতির স্বজনরা জানান, ২০২১ সালের ১৫ মে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধানধারা গ্রামের শেখ মোহাম্মদ সালামের ছেলে শেখ নয়নের সাথে একই ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে রোমানার বিয়ে হয়। রোববার রাত ৮টার দিকে রোমানার প্রসবব্যথা দেখা দেয়। এরপর রাত ১০টার দিকে রোমানাকে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতির চার সন্তান জন্ম হয়। সন্তানদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের গাইনি বিভাগের শিশু ওয়ার্ডের নবজাতকদের বিশেষ পর্যবেক্ষণ রুম (স্ক্যানো) রুমে ওই চার নবজাতককে রাখা হয়েছে। আর গাইনি ওয়ার্ডের শয্যায় প্রসূতি রোমানাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের জ্যেষ্ঠ নার্স মাবিয়া আক্তার ওয়ার্মার সেন্টারে শিশুদের সেবাযত্ন করছেন। তিনি বলেন, নবজাতকদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে স্ক্যানো যন্ত্রে রাখা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ আসলামের তত্ত্বাবধানে নবজাতকদের চিকিৎসা চলছে। একসাথে জন্ম নেয়া চার নবজাতক সম্পর্কে ওই চিকিৎসক বলেন, চার নবজাতকের মধ্যে দুই ছেলে নবজাতকের শ্বাসকষ্ট কিছুটা বেশি। ধীরে ধীরে তাদের শ্বাসকষ্ট কমছে। অপর দুই মেয়ে নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলেও অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। নবজাতকরা শঙ্কামুক্ত রয়েছে বলে এই চিকিৎসক জানান।

মানিকগঞ্জ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *