কলেজিয়েট স্কুলের ৪৫০ বছরের পুরনো ভবনের রেপ্লিকা নির্মাণের দাবি

নিউজ ডেস্ক

ঢাকা কলেজিয়েট স্কুলের ৪৫০ বছরের পুরনো ভবন ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলটির সাবেক শিক্ষার্থীরা। দাবি করেছেন ভেঙে ফেলা ভবনের একটি রেপ্লিকা তৈরি করে জাদুঘর প্রতিষ্ঠার। বিশ্ব ঐতিহ্যের স্মারক ভবনটি ভেঙে ফেলার ঘটনা অবহিত তারা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেন।

শুক্রবার ৮ আগস্ট পলাশীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহম্মদ শামসউল হক ভবন মিলনায়তনে আয়োজিত সভায় এক সভায় এসব আলোচনা হয়। ‘ঢাকা কলেজিয়েট স্কুল প্রাক্তনী’ ব্যানারে আয়োজিত সভায় সভাপ্রধান ছিলেন ১৯৭৩ সালে এসএসসি উত্তীর্ণ ফরিদউদ্দীন আহমদ।

উপস্থিত প্রাক্তনীরা তাদের বক্তব্যে বলেন, সাড়ে চারশো বছরের পুরনো ভবনটি বিশ্ব ঐতিহ্যের অংশ। এটি ভেঙে ফেলা অপরাধ হয়েছে। যারা এই স্থাপনাটি ভেঙেছে তাদের আইনের আওতায় আনা উচিত।

সভাপ্রধান ফরিদউদ্দীন বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে যেনো স্কুল ভবনের রেপ্লিকা তৈরি করা যায়। এসময় তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে গতিশীল করার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান কমিটির বয়স ১৫ বছরের বেশি হওয়ায় কমিটি পুনর্গঠন করা জরুরী হয়ে পড়েছে। গতিশীল কমিটির মাধ্যমে স্কুল ভবন সমস্যার সমাধান করা এবং ২০০ বছর পূর্তির প্রস্তুতি নিতে হবে।

১৯৮০ ব্যাচের ইফতেখার বলেন, সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্কুলের উন্নয়নে সাবেক শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারেন।

সভার সঞ্চালক রহমান মুস্তাফিজ তার সূচনা বক্তব্যে ভেঙে ফেলা সাড়ে চারশো বছরের পুরনো ভবনের ইতিহাস তুলে ধরে প্রস্তাব করেন, একই ডিজাইনে আরেকটি ভবন নির্মাণ করে তাকে জাদুঘরে রূপান্তর করতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রথম রেপ্লিকা ভবন নির্মাণ ও জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব করেন রহমান মুস্তাফিজ। সবশেষ স্কুলের ১৯০ বছর পূর্তি অনুষ্ঠানে একই দাবি উত্থাপন করেন।

বর্তমান কমিটি দীর্ঘ দেড় দশক ধরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করায় সংগঠন নিষ্ক্রিয় হয়ে পড়ছে বলে মন্তব্য করেন অনেকে। ফলে আগামী ৩০ দিনের মধ্যে সাধারণ সভা আয়োজন করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে চিঠি দেয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ১৯৭৩, ১৯৭৬, ১৯৮০, ১৯৮৫, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৭, ২০০১, ২০০২, ২০১০, ২০১৯, ২০২২ ও ২০২৫ ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভবন/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD Plus