২৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) আগামী ১৫ জুন ভোট গ্রহণের তারিখ নিধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার এই তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। কুমিল্লা সিটি, ছয় পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ইসি সূত্র জানায়, সবশেষ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৩০ মার্চ। ওই বছরের ১৭ মে করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী, ১৬ মে এ করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে।
সিটি করপোরেশনে মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এবার তা সম্ভব হচ্ছে না বলে আগেই জানিয়েছিল গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়া কাজী হাবিবুল আউয়ালের নতুন ইসি।
দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এ পর্যন্ত দুটি নির্বাচন হয়েছে। দশ বছর আগে প্রথম নির্বাচনে নির্দলীয় প্রতীকে ভোট হলেও ২০১৭ সালে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হয়। দুই নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে বিএনপির প্রার্থী জয়ী হন।
কুমিল্লা সিটি/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply