৭ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ভাড়া নিয়ে বাসের দুই কর্মীর সাথে বাগবিতণ্ডায় জড়ান এক যাত্রী। বাগবিতণ্ডার একপর্যায়ে তারা ওই যাত্রীকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেন। এসময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়কের শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত যাত্রীর নাম মোহাম্মদ সায়েম। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আওলাপাড়া এলাকার আবু ছাইদের ছেলে। এ ঘটনায় ওই বাসের চালক সফিকুল ইসলাম ও চালকের সহকারী হীরা মিয়াকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীপুরের তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস চান্দনা চৌরাস্তা এলাকা থেকে জয়দেবপুরে যাচ্ছিল। চান্দনা চৌরাস্তা থেকে মোহাম্মদ সায়েম ওই বাসে ওঠেন। যাওয়ার পথে ভাড়া নিয়ে ভাড়া আদায়কারী ও চালকের সহকারীর সাথে বাগ্বিতণ্ডা চলছিল। বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাসটি শিববাড়ি এলাকায় পৌঁছুলে ওই দুজন সায়েমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে সায়েম ওই বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থালেই মারা যান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে বাসের চালক সফিকুল ইসলাম ও চালকের সহকারী হীরা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তবে ভাড়া আদায়কারী পলাতক।
গাজীপুর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply