প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কোভিড-১৯ থেকে দ্রুত আরোগ্য কামনা করেছেন।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে কোভিড-১৯ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, আমি জেনে অত্যন্ত ব্যথিত হয়েছি যে, দুর্ভাগ্যক্রমে আপনারা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শেখ হাসিনা আরও বলেন, আমি প্রত্যাশা করছি, আপনি এবং ম্যাডাম মেলানিয়া ট্রাম্প শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরবেন। সেই সাথে আগামী দিনগুলোতে করোনা ভাইরাস ও এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় বলিষ্ঠ ও দৃঢ় মনোবল দিয়ে আপনার দেশে নেতৃত্ব দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা এমন এক সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যখন আমরা সবাই মহামারী করোনা ভাইরাসে প্রাণহানি ও সংক্রমণ থেকে রক্ষা পেতে লড়াই করছি।
শেখ হাসিনা প্রাণঘাতি করোনা ভাইরাসে প্রাণহানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষায় সর্বাত্মক উদ্যোগ ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে ট্রাম্পের গতিশীল নেতৃত্ব ও দৃঢ় আত্ম-বিশ্বাসের গভীর প্রশংসা করেন।
চলমান এই হুমকি মোকাবিলায় বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এই অনাকাঙ্খিত দুঃসময়ে আমার সহমর্মিতা আপনার ও আপনার পরিবারের সঙ্গে রয়েছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যেও প্রার্থনা করছি।
খবর: বাসস।
















Leave a Reply