নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরে জনগণ আওয়ামী লীগকে নয়, বিএনপিকে লালকার্ড দেখাবে। এমন মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব ফরিদপুরে কাকে এমপি বানাবে, কাকে মনোনয়ন দেবে, সেটা নিয়ে এখনই বাণিজ্য শুরু করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফরিদপুরে এখন টাকা উড়ছে। বিএনপির শাসনামলে পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। আপনাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অর্থপাচারকারী, মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছে, তার বিরুদ্ধেও খেলা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, আর ২১ আগস্টের মাস্টার মাইন্ড হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জাহান কল্পনা, মেরিনা জাহান কবিতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply