দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের উদ্বোধন

১৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের যাত্রা শুরু হলো। এক হাজার বেডের হাসপাতালটিতে ৫০০ টি বেডেই আইসিইউ সমতুল্য সেবার সুযোগ রয়েছে। হাসপাতালটির নাম দেয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’।

রোববার সকালে রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটে দেশের সবচেয়ে বড় ১০০০ বেডের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গোটা বিশ্বের ন্যায় কোভিডের দ্বিতীয় ঢেই আমাদের দেশেও হানা দিয়েছে। কোভিডে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দিন দিন ভীতিকর হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ঢাকার সব হাসপাতালের আইসিইউ বেড পুর্ণ হয়ে গেছে। প্রতিদিনই আইসিইউ চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এরকম একটি কঠিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রীর নির্দেশনায় জরুরিভিত্তিতে ডিএনসিসির এই মার্কেটটিকে একটি পুর্ণাঙ্গ কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন করা হলো।

তিনি বলেন, এই হাসপাতালে করোনা রোগীদের জন্য মোট বেড সংখ্যা রয়েছে ১০০০ টি। এর মধ্যে পুর্ণাঙ্গ আইসিইউ বেড আছে ২১২ টি, এইচডিইউ বেড আছে ২৫০ টি, কোভিড আইসোলেটেড রুম আছে ৪৩৮ টি। এখানে এমার্জেন্সি বেড আছে ৫০ টি, যার ৩০ টি পুরুষ ও ২০ টি মহিলা রোগীর জন্য। এর পাশাপাশি এখানে আরটি পিসিআর ল্যাব, প্যাথলজি ল্যাব, রেডিও থেরাপি সেন্টার, এক্সরে সুবিধাসহ অন্যান্য নানাবিধ সুবিধাদি রয়েছে।

মন্ত্রী বলেন, মাত্র ২০ দিনের মধ্যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অতি দ্রুততার সাথে এই হাসপাতালটি প্রস্তুত করা হয়েছে। উদ্বোধনকালে হাসপাতালটির ২৬০ টি বেড সচল হচ্ছে। যেখানে আইসিইউ বেড রয়েছে ৬০ টি, ইমার্জেন্সি ৫০ টি, জেনারেল ওয়ার্ড ১৫০ টি। আগামী সাত দিনের মধ্যে আরও আড়াই’শ বেড সচল হবে। এ মাসের ২৯ তারিখের মধ্যে হাসপাতালটি পরিপূর্ণভাবে সচল হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের প্রতিটি হাসপাতালে কোভিড ডেডিকেটেড বেড সংখ্য বৃদ্ধি ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাদি বৃদ্ধি করার বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১০০ টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যাবস্থা চালু করা হয়েছে। আরও ৩৪ টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যাবস্থা চালুর কাজ চলমান রয়েছে। এর ফলে বর্তমানে দেশে প্রায় ১২০০০ বেডে সেন্ট্রাল অক্সিজেন ব্যাবস্থা স্থাপন করা সম্ভব হয়েছে। এসব সুবিধাদি নিশ্চয়ই দেশের কোভিড রোগীদের জীবন রক্ষায় বড় ভূমিকা রেখে চলেছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম।

উদ্বোধনকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ, এফসিপিএস ডিরেক্টরেট জেনারেল মেডিকেল সার্ভিসেস মেজর জেনারেল মোহাম্মদ মাহাবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আহমেদ, এইচইডি এর চীফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল বশির এবং ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম নাসির উদ্দিন।

স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম