নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর নিহত

২২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, কুমিল্লা): কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল এবং আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার বিকালে নগরীর পাথুরীয়াপাড়া পানুয়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ৪৫ বছর বয়সী সৈয়দ মোহাম্মদ সোহেল পাথুরীয়াপাড়া এলাকার সৈয়দ শাহজাহানের ছেলে। তিনি ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ৫৫ বছর বয়সী হরিপদ সাহা নবগ্রাম এলাকার বাসিন্দা। তিনি নগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে কাউন্সিলর সোহেল নিজ কার্যালয়ে বসে রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে একটি বৈঠক করছিলেন। এমতাবস্থায় ৪টি মোটরসাইকেলযোগে ৭-৮ জন সন্ত্রাসী ওই কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে।

এতে কাউন্সিলরের পেটে, বুকে এবং মাথায় তিনটি এবং হরিপদ সাহার পেটে এবং বুকে দুটি গুলিবিদ্ধ হয়। এলোপাথাড়ি গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী, সদস্য মোহাম্মদ বাদল, কাউন্সিলরের সহযোগী রিজু, জুয়েল ও রাসেল আহত হয়।

পরে আশপাশের লোকজন আহতদেরকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল এবং হরিপদ সাহা মারা যান। বাকী চারজন কুমেকে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলসহ দুজন নিহত হয়েছেন। আমরা এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, এ হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি দ্রুতই গ্রেফতার করা হবে।

বন্দুক হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *