পদ্মায় ডুবে তিন কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক: রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মৃত তিন কিশোর হলো- কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ রেন্টুর ছেলে মোহাম্মদ যুবরাজ, নূর ইসলামের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান এবং মোহাম্মদ লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক জানান, দুপুরে গোসল করতে নেমে এই তিন কিশোর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কাটাখালী থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, উদ্ধারের পর মরদেহ তিনটি স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেয়া হবে।

রাজশাহী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ