২৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন। ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নে লক্ষীপুর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন।
মৃতরা হলেন, পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী ৫০ বছর বয়সী নিলুফা বেগম, সদর উপজেলার নারায়ণপুরের বাবু আলীর মেয়ে ৫ বছর বয়সী মাইশা খাতুন, সদর উপজেলার নারায়ণপুরের ফিটুর ছেলে ৫ বছর বয়সী আসমাউল ও ৩ বছর বয়সী মেয়ে আয়েশা। এর মধ্যে নিলুফা ও মাইশা সম্পর্কে নানি-নাতনি এবং আসমাউল-আয়েশা সম্পর্কে ভাইবোন।
স্থানীয়রা জানান, দুপুরে বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশরশিয়ার উদ্দেশে রওনা দেয়। এ সময় নৌকাটি লক্ষীপুর চরের সামনে পৌঁছলে বাতাসের কবলে পড়ে ডুবে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার অভিযানে নিলুফা ও মাইশার মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮ জন নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছেন তিনি।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ঘটনাস্থলে চারজন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
নৌকাডুবি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply