পাকিস্তানকে ক্ষতিপূরণ দিল নিউজিল্যান্ড

২০ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): নিরাপত্তা হুমকির অজুহাত তুলে গত বছরের সেপ্টেম্বরে সফরের মাঝপথে পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। এতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়ে। এবার পিসিবিকে সেই ক্ষতিপূরণ দিল নিউজিল্যান্ড ক্রিকেট।

বৃহস্পতিবার পিসিবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের একটি দৈনিক।

তবে ক্ষতিপূরণের অংকটা কত, সেটি প্রকাশ করতে রাজি হয়নি দুই বোর্ড।

তবে পিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে অতিরিক্ত পাঁচটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।

এদিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আগামী অক্টোবরে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাওয়ার কথা পাকিস্তানের। যেখানে অপর দল হিসেবে থাকবে বাংলাদেশ।

প্রসঙ্গত নিরাপত্তা শঙ্কার কথা বলে গত ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরুর ঠিক দেড় ঘণ্টা আগে সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বিষয়টিতে হতাশ হয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছিলেন, নিউজিল্যান্ড সিরিজ না হওয়ায় আমাদের মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। কিউইদের এমন সিদ্ধান্ত আমাদের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। নিউজিল্যান্ড একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন পিসিবির কর্মকর্তারা। পরে কিউই বোর্ড সিদ্ধান্তটি তাদের ভুল হয়েছে স্বীকার করে এ জন্য ক্ষমা চায়। ক্ষতিপূরণ দেয়ারও আশ্বাস দেন তারা।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *