আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে হিটস্ট্রোকে ১১ জন নিহত হয়েছেন। গরমে অসুস্থ হয়েছেন আরও অন্তত ৫০ জন।
রোববার একটি উন্মুক্ত স্থানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এ তথ্য জানিয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অসুস্থদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন।
এ বছর সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে ভূষণ পুরস্কার দিয়েছে মহারাষ্ট্র সরকার। গতকাল রোববার নভি মুম্বাইয়ের একটি উন্মুক্ত স্থানে ‘মহারাষ্ট্র ভূষণ’ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সমাজকর্মীর হাজারো অনুসারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে ১টা পর্যন্ত চলেছে তা।
অনুষ্ঠান চলার সময় নভি মুম্বাইয়ের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অনুষ্ঠানস্থল লোকজনে ভর্তি ছিল। তবে তাদের মাথার ওপর কোনও ছায়ার ব্যবস্থা ছিল না।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরস্কার প্রদান করেন। শিন্ডে ও ফডনবিশও অনুষ্ঠানে ছিলেন।
শিন্ডে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ ভারতীয় রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।
ফডনবিশ এক ট্যুইটার পোস্টে বলেন, গরমে অসুস্থ হয়ে পড়া মানুষদের চিকিৎসার খরচ দেয়া হবে।
মারাঠি ভাষায় লেখা ওই ট্যুইটার পোস্টে ফডনবিশ লিখেছেন, সকালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেয়া মানুষদের কয়েকজন হিটস্ট্রোকের কারণে মারা যাওয়ার ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক।
ভারত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply