বিপদ পিছু ছাড়ছে না আল্লু অর্জুনের

বিনোদন ডেস্ক: পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে তাকে। সবশেষ পুলিশকে অপমান করার অভিযোগে ফের তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়, থেনমার মাল্লান্না নামের এক কংগ্রেস নেতা তেলঙ্গানার মেডিপাল্লি থানায় আল্লু এবং পুষ্পা-২ সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সিনেমার প্রযোজকদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে বলা হয়, ‘পুষ্পা ২’ সিনেমায় পুলিশকে অপমান করা হয়েছে। সিনেমার একটি দৃশ্যে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তার সামনেই সুইমিং পুলে প্রস্রাব করছেন আল্লু।

কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্যে সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে। তাই অভিনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।

সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এমনিতেই অস্বস্তিতে আল্লু। সোমবার অভিনেতার হায়দরাবাদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে তেলঙ্গানা পুলিশের একটি দল। মঙ্গলবারই আল্লুকে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দিতে যেতে হবে।

গত ৪ ডিসেম্বর রাতে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তার আট বছরের ছেলে সাই তেজকে। বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। গত ১৩ ডিসেম্বর সকালে আল্লুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে রেবন্তের পুলিশ। আল্লুসহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। তার পর ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। অন্তর্বর্তী জামিনের মেয়াদ চার সপ্তাহ।

আল্লু অর্জুন/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *