পুলিশে বড় রদবদল

নিউজ ডেস্ক: রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল বাতেনকে চাকরি থেকে অবসর দিয়েছে সরকার।

পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে। এসবি প্রধান হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলমকে।

মঙ্গলবার পুলিশে বেশ কিছু রদবদল করা হয়। আলাদা প্রজ্ঞাপন ও আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির উপকমিশনার (ডিসি) এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ জনকে রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজনকে বদলি করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মোহাম্মদ তওফিক মাহবুব চৌধুরীকে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বিশেষায়িত প্রশিক্ষণকেন্দ্রে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।

ডিসি পদে পাঁচজনকে দায়িত্ব দিয়ে ডিএমপির আদেশে বলা হয়েছে, এডিসি মোহাম্মদ ওসমান গনিকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) লজিস্টিক, এডিসি মোহাম্মদ আসফিকুজ্জামান আকতারকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগ, এডিসি প্রত্যুষ কুমার মজুমদারকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মিরপুর বিভাগ, এডিসি মোহাম্মদ রাকিব খানকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ট্রাফিক মিরপুর বিভাগ ও এডিসি মোহাম্মদ জিয়া উদ্দিন আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা গুলশান বিভাগে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বদলি করা হলো।

পাশাপাশি ঢাকার কিছু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৮ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। এ আদেশে রাজধানীর উত্তরখান থানা, উত্তরা পশ্চিম থানা, গুলশান থানা, শাহবাগ থানা, পল্টন থানা, কদমতলী থানা, মতিঝিল থানা, মিরপুর থানা, পল্লবী থানা, তেজগাঁও থানা ও তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল থানার ওসিসহ ১৮ পরিদর্শককে বদলি করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। হামলা ও অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত অনেকগুলো থানা। পুলিশের কর্মকর্তা ও সদস্যরা আত্মগোপনে চলে যান।

১২ আগস্ট (গতকাল সোমবার) থেকে ট্রাফিক পুলিশ দায়িত্বপালন শুরু করেছে।

গতকাল পর্যন্ত দেশের ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টির কার্যক্রম শুরু করা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সব পুলিশ সদস্যকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে যোগদানের সময় দিয়েছেন।

সরকার পতনের পর পুলিশের শীর্ষস্থানীয় পদগুলোতে পরিবর্তন আসে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে ৭ আগস্ট নিয়োগ দেয়া হয় মোহাম্মদ ময়নুল ইসলামকে।

পুলিশ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *