১ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাবেয়া বেগম নামে অন্তঃসত্ত্বা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার হরিহরপাড়া এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ৩৫ বছর বয়সী রাবেয়া বেগম ভোলার দক্ষিণ আইচা থানার তাল্লুককান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহত রাবেয়া বেগমের স্বামী সোহেল আহমেদসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রাবেয়া বেগমের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাবেয়া বেগম চার সন্তানকে নিয়ে হরিহরপাড়ায় সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী সোহেল একটি পোশাক কারখানায় কাজ করেন। রাবেয়া এলাকায় সুদের ব্যবসা করতেন। স্বামীর সাথে তার পারিবাহিক কলহ চলছিল। এ কারণে সোহেল অন্যত্র থাকতেন। তবে মাঝেমধ্যে ওই বাসায় স্ত্রীর কাছে আসতেন। সবশেষ গত রোববার সোহেল রাবেয়ার বাসায় এসেছিলেন। এরপর আজ দুপুরে খবর পেয়ে ওই বাড়ি থেকে রাবেয়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এসআই সাইফুল ইসলাম আরও বলেন, রাবেয়া আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুদের ব্যবসার কারণে কারও সাথে বিরোধে বা পরকীয়ার সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় রাবেয়ার স্বামী সোহেলকে মুঠোফোনে থানায় ডেকে আনা হয়েছে। তাকেসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধার/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply