বজ্রপাতে একসাথে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: নড়াইলে বজ্রপাতে একসাথে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হন।

রোববার মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায়, খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি। আহত চিত্ত মালো একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, তারা গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চড়াতে বের হয়েছিলেন। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন। সোমবার সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ কুমার বিশ্বাস বলেন, সকালে স্থানীয়রা জানায় রাতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বজ্রপাত/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *