বাড়ি ফিরছেন সৌরভ

০৭ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাড়ি ফিরেছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছয় দিন চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ মহারাজ। 

বৃহস্পতিবার ১১টার সময় দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়পত্র নেন কলকাতার সৌরভ। খবর: আনন্দবাজার।

হাসপাতাল থেকে বেরিয়েই চিকিৎসক, নার্স থেকে হাসপাতাল কর্মী এবং ভক্তদের ধন্যবাদ জানালেন সৌরভ।

হাসপাতাল থেকে বের হয়ে সৌরভ বলেন, উডল্যান্ডস কর্তৃপক্ষকে ধন্যবাদ। এতদিন যারা আমার মঙ্গল কামনা করেছেন, এখানে থেকেছেন ধন্যবাদ তাদেরও। আমি আবারও উড়তে প্রস্তুত। 

এর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি ভালো আছি। জীবনে ফিরলাম। ধন্যবাদ।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও সৌরভের স্বাস্থ্যের বিষয়টি নজরদারিতেই থাকছে চিকিৎসকদের।  

জানা গেছে, আজ দুপুর ১২টায় বিশিষ্ট কার্ডিয়াক স্পেশালিস্ট দেবী শেঠির উপস্থিতিতে বৈঠকে বসবেন চিকিৎসকরা। যেখানে সৌরভের বাকি থাকা দুটি এনজিওপ্লাস্টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সৌরভ গাঙ্গুলী এখন অনেকটাই সুস্থ। তার রক্তচাপ, কোলেস্টেরল, থাইরয়েড এবং অন্যান্য শারীরিক মাপকাঠি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এর পরও আগামী দুই সপ্তাহ চিকিৎসকদের পরামর্শ মতো কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে সৌরভকে। এর মধ্যেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলবে। কারণ স্টেন্ট বসানোর পরে তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তা নিয়মিত ব্যবধানে পরীক্ষা করে দেখা হবে।

বুধবার সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল জানান, দেশ ও বিদেশের হৃদরোগ চিকিৎসকদের সাথে আলোচনা করে যৌথভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌরভের অন্য দুটি ধমনীতে এনজিওপ্লাস্টিই করতে হবে। তবে সেটি কবে করা হবে, এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ২ জানুয়ারি সকালে নিজ বাড়িতে ব্যায়াম করার সময় বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে অজ্ঞানও হয়ে যান তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তাকে পরীক্ষার শেষে চিকিৎসকরা জানতে পারেন, মৃদু কার্ডিয়াক এরেস্টের শিকার হন সৌরভ। তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। শনিবার একটিতে স্টেন্ট লাগানো হয়। তার চিকিৎসায় গঠন করা হয় ৯ সদস্যের মেডিকেল বোর্ড। বাকি দুটিতে স্টেন্ট লাগানো হবে কি না তার সিদ্ধান্ত নিতে বিষয়টি নিয়মিত দেখভাল করছেন প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি।

সৌরভ গাঙ্গুলী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *