বিস্ফোরণ গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটতে পারে

নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনাটি গ্যাস লাইনে লিকেজ বা অন্য কোনও কারণে ঘটতে পারে। তবে বিস্ফোরণের মাত্রা অনেক বড় ছিল।

বুধবার দুপুরে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপপরিচালক মেজর মশিউর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।

মশিউর রহমান বলেন, আমরা সাবধানতা অবলম্বন করে ভবনটির নিচে ঢুকেছিলাম। তবে এটি কোনও অগ্নিকাণ্ড নয়, বিস্ফোরণের ঘটনা। এয়ারকন্ডিশনার থেকে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। অন্য কোনও কারণ থেকে এ বিস্ফোরণ ঘটে। ডগ স্কোয়াড সদস্যরা ভেতরে কেউ জীবিত বা মৃত আছেন কি না, শনাক্ত করে তাদের বের করে আনতে সাহায্য করেন।

এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, শেষে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি- গ্যাস থেকে বা কোনও বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ ঘটেছে কি না। আমরা প্রাথমিকভাবে এখান থেকে নমুনা সংগ্রহ করেছি ও সেগুলো পরীক্ষাগারে পাঠিয়েছি। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা জানাতে পারব।

গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় ২০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ