১৩ জানুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): চলতি মাসের শেষ সপ্তাহে ইন্দোনেশিয়াতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু ভ্যাকসিন জটিলতার কারণে ইন্দোনেশিয়া সফরে যাওয়া হচ্ছে না জামাল ভূঁইয়াদের।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি কাজী নাবিল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জানুয়ারিতে ইন্দোনেশিয়াতে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আমাদের। সেজন্য আমরা যথাযথ প্রস্তুতিও নিয়েছিলাম। ছুটিতে থাকা জাতীয় দলের কোচ ১৫ জানুয়ারি ঢাকায় চলে আসছেন। আমরা প্লেয়ার লিস্টও তৈরি করেছি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে আমাদের সব প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্টের দ্বিতীয় ডোজ টিকা নেয়া থাকতে হবে।
কাজী নাবিল বলেন, আমাদের বর্তমান যে প্লেয়ার লিস্ট আছে, তাতে পর্যালোচনা করে দেখেছি আমাদের ১৫ জন প্লেয়ারের ডাবল ভ্যাকসিন নেয়া আছে। আর ৭ জনের এক ডোজ টিকা নেয়া আছে। বাকি ৬ জনের ভ্যাকসিন নেয়া হয়নি। যে কারণে আমরা এই মূহুর্তে ইন্দোনেশিয়াতে সফর করতে পারছি না।
ইন্দোনেশিয়া অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচ দুটির সম্ভাব্য সময় প্রসঙ্গে বাফুফের এই কর্মকর্তা বলেন, আমরা আশা করছি আগামী মার্চে যে উইন্ডো আছে, তার আগে আমরা আমাদের জাতীয় দল এবং অনূর্ধ্ব-২৩ দলের ৪০ থেকে ৫০ জন ফুটবলারকে নিয়ে একটি মাস্টার লিস্ট করে তাদের টিকা নিশ্চিত করব। আমরা আশা করছি আগামী মার্চে ইন্দোনেশিয়া অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচ দুটি আয়োজন করতে পারব।
তিনি বলেন, আমরা আজই ইন্দোনেশিয়াকে জানিয়ে দিচ্ছি, যে ভ্যাকসিনের কারণে আমরা এখন সফর করতে পারছি না। আগামী মার্চে সফরে যেতে পারব।
ফুটবল/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply