মানবসেবায় অবদান রাখতে সবাইকে মেম্বার-চেয়ারম্যান হতে হয় না

৭ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং দেশকে উন্নত-সমৃদ্ধ করার লক্ষ্যে অবদান রাখতে সবাইকে মেম্বার-চেয়ারম্যান হতে হয় না। এমনটাই বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেম্বার-চেয়ারম্যান না হলে কারও জীবন ব্যর্থ হয়ে যাবে এমনটি ভাবা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধি না হয়েও মানসিকতা এবং দেশপ্রেম থাকলে দেশের উন্নয়নে অবদান রাখা যায়।

মন্ত্রী বলেন, আমাদের মধ্যে শ্রেণীভেদ আছে, পেশার ভিন্নতা, ধর্মীয় ও বর্ণের পার্থক্য আছে। ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা মানুষ। যার যা প্রাপ্য সম্মান তাকে তা দিতে হবে। সব পেশার প্রতি সম্মানবোধ রাখা উচিত। দেশের উন্নয়নে কাউকে হেয় করার সুযোগ নেই। কাউকে বাদ দিয়ে উন্নত দেশ গড়া সম্ভব নয়। তাই সব ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী এবং যুগোপযোগী করতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আইনে সংশোধন আনা হচ্ছে। ইতোমধ্যে জেলা পরিষদ এবং পৌরসভার খসড়া সংশোধনী মন্ত্রিপরিষদে পাশ হয়েছে।

মন্ত্রী বলেন, পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও নিয়োগ প্রদান নিয়ে সমালোচনা হলেও এই নিয়োগের ফলে সংশ্লিষ্ট পৌরসভায় রাজস্ব আদায়ে ব্যাপক পরিবর্তন আসছে। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের সময় মাত্র ৩৮টি পৌরসভা কর্মচারীর বেতন দিতে পারতো উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন উদ্যোগের ফলে এখন অধিকাংশ পৌরসভা কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সারা দেশের ন্যায় কুমিল্লাতেও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। বেশ কিছু উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে বৃহত্তর কুমিল্লায় ব্যাপক পরিবর্তন আসবে। মন্ত্রী কুমিল্লার উন্নয়নের লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং কুমিল্লা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে আধুনিক ও দৃষ্টিনন্দন শহরে পরিণত করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

মোহাম্মদ তাজুল ইসলাম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *