২৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): যত দিন বাংলার মাটি ও মানুষ থাকবে, ততোদিন বাঙালি জাতির হৃদয়ের মনিকোঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরাজ করবেন। এমনটাই বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।
শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে মূল অনুষ্ঠানে যোগ দেন।
তোফায়েল বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। জাতির পিতার লক্ষ্য ছিলও বাংলাদেশের স্বাধীনতা। তিনি উপলব্ধি করেছিলেন এই পাকিস্তান প্রতিষ্ঠা বাঙালিদের জন্য হয় নাই। একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরই হতে হবে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই সহচর আরও বলেন, জাতির পিতা ছিলেন বিচক্ষণ নেতা। জেল, জুলুম, অত্যাচার, মৃত্যুকে তিনি পরোয়া করতেন না। বার বার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যূকে আলিঙ্গন করেছেন। কিন্তু মাথা নত করেন নাই।
তোফায়েল আহমেদ বলেন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সে দিন আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো।
তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পরে তার নাম নেয়া যেত না। ৭ই মার্চের বক্তৃতা আমরা মাইকে প্রচার করতে পারতাম না। জিয়াউর রহমান বাঁধা দিতেন। কিন্তু আজ বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আলোচনা করা হয়। তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন মহান নেতা।
জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজিত হাওলাদার, মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যরা।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র তুলে ধরা হয় শোভাযাত্রায়।
তোফায়েল/এসকেএম/আরএম
















Leave a Reply