মুক্তি সংগ্রাম এগিয়ে নিতে হবে

০৭ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক):  জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট বা বড় বড় অট্টালিকা নির্মাণ অবশ্যই উন্নয়ন। কিন্তু সাধারণ মানুষের জীবন মান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। দেশের মানুষ দারিদ্র, বৈষম্য, দলবাজী, চাঁদাবাজী, সন্ত্রাস ও বেকারত্ব থেকে এখনও মুক্তি পায়নি। দেশের মানুষের মুক্তি সংগ্রাম এগিয়ে নিতেই জাতীয় পার্টির রাজনীতি।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে বাংলাদেশ জনদল এর নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুশাসন এবং রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণ করবে।

তিনি বলেন, অনেক মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। আবার অনেকেই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সুশাসন নিশ্চিত হলে কোন মানুষ বঞ্চিত হবে না। আইনের শাসনের অভাবে রাস্তায় বের হলেই মানুষ খুন, গুম ও ধর্ষণের শিকার হচ্ছে।

সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের মানুষ উন্নয়ন ও সুশাসনের জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। কারণ, তারা বিশ্বাস করে জাতীয় পার্টিই উন্নয়ন এবং সুসাশন এক সাথে দিতে পারে। দেশের মানুষ হতাশায় নিমজ্জিত, তারা শান্তি চায়-স্বস্তি চায়।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র প্রক্রিয়া। তাই গণমানুষের আস্থা অর্জন করেই জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব গ্রহণ করবে।

এসময় নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সংবিধানিক ভাবে হয়তো কোন সমস্যা নেই কিন্তু শতকরা ২ ভাগ থেকে ১০ ভাগ ভোট কাষ্টিং কখনো নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারেনা।

সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জনদল (বিজেডি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, মহাসচিব সেলিম আহমেদ, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র এসএম হারুন অর রশিদসহ অন্যান্য নেতারা।

রাজনীতি/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *