রাজ্জাকের আনুষ্ঠানিক বিদায়

১৩ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা স্পিনার আবদুর রাজ্জাক।

শনিবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটে সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।

অবসরের ঘোষণায় এই বাঁ-হাতি স্পিনার বলেন, শুক্রবার পর্যন্ত বলতে পেরেছি আমি ক্রিকেটার। এখন থেকে বলতে হবে অন্যকিছু, যা আমার পেশা। হয়তো বিষয়টা সহজে বলতে পারছি। যদিও আমার জন্য এ অবসরের ঘোষণা দেয়া এত সহজ না। ঘোরের মধ্যে আছি এখনও। ১৯৯৪ সাল থেকে ক্রিকেটের মধ্যে আছি। তখন বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম। সেই ক্রিকেটকে বিদায় বলা সত্যি কষ্টকর।

ব্যাট-বল হাতে মাঠে নামার ইতি টানলেও ক্রিকেটাঙ্গনকে বিদায় জানাননি রাজ্জাক। গত মাস থেকে জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ফারুক আহমেদের পদত্যাগের পর এতদিন তিন সদস্যের নির্বাচক প্যানেলের কাজ সামাল দিয়ে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। ২৭ জানুয়ারি প্যানেলের তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব নেন আবদুর রাজ্জাক।

আবদুর রাজ্জাক একটা সময় ক্রিকেটে দাবিয়ে বেড়িয়েছেন। তাকে ছাড়া জাতীয় দলের একাদশ চিন্তাই করা যেত না। নিয়মিত উইকেট পেতেন। পরে উপক্ষিত হন এই অভিজ্ঞ স্পিনার।

জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ২০০ উইকেট পান। ক্যারিয়ারে ১৩ টেস্টে শিকার করেন ২৮ উইকেট। আর ১৫৩ ওয়ানডেতে তার শিকার ২০৭ উইকেট। আর ৩৪টি টি-টোয়েন্টি খেলে ঝুলিতে ভরেন ৪৪ উইকেট।

আবদুর রাজ্জাক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *