রেকর্ড জয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

২১ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপ পর্বের নবম ম্যাচে বড় ব্যবধানের এ জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

বৃহস্পতিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলাদেশ।

দলের হয়ে ২৮ বলে ৩ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ফেরেন লিটন দাস। ১৪ বলে ২১ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন আফিফ। ৬ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।

১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি।

ইনিংসের তৃতীয় ওভারেই ব্রেক থ্রু উপহার দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন পাপুয়া নিউগিনির ওপেনার লিগা সিকা। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে তাসকিন আহমেদ শিকার হয়ে ফেরেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে পাপুয়া নিউগিনি শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে ফেরেন চার্লস আমিনি ও সাইমন আতাই। নবম ওভারে বোলিংয়ে এসে সাকিব ফেরান সিস বাউকে।

এরপর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নরম্যান ভানুয়াকে ফেরান মেহেদি হাসান। ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে এসে হিরি হিরিকে সাজঘরে ফেরান সাকিব।

এদিন ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ৩৯ উইকেট শিকার করা পাকিস্তানের কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন সাকিব।

দলীয় ৫৪ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে চাদ সোপারকে আউট করেন সাইফউদ্দিন। এরপর দলীয় ৮০ রানে রান আউট হয়ে নবম ব্যাটসম্যাস হিসেবে ফেরেন কবুয়া মোরিয়া। পাপুয়া নিউগিনি শিবিরে শেষ পেরেকটি মারেন তাসকিন আহমেদ। ড্যামিয়েন রাভুর বিদায়ের মধ্য দিয়ে ১৯ দশমিক ৩ ওভারে ৯৭ রানে আলআউট হয় পাপুয়া নিউগিনি।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *