৩০ জুন ২০২২ (নিউজ ডেস্ক): আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার সন্ধ্যায় শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে জিতুর বাবা উজ্বল হোসেনকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বুধবার ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালত- ৩ এর বিচারক শেখ মুজাহিদুল ইসলাম তাকে রিমান্ডে পাঠান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
কুষ্টিয়ার কুমারখালী থেকে বুধবার ভোরে উজ্বলকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকা মুখ্য বিচারিক আদালতে তোলা হয়। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
উজ্জ্বলকে গ্রেফতারের পর উপপরিদর্শক এমদাদুল বলেন, উৎফল কুমার সরকার মারা যাওয়ার দিন গত রোববার তার বড়ভাই অসীম কুমার সরকার অভিযুক্ত শিক্ষার্থী আফরাফুল ইসলাম জিতুকে প্রধান করে হত্যা মামলা করেন। এজহারে অজ্ঞাতনামা অনেককেই আসামি হিসেবে উল্লেখ করেছেন। ওই মামলায় প্রধান আসামির বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেফতার দেখানো হয়।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মারধরের শিকার হন শিক্ষক উৎপল কুমার সরকার। সভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত উৎফল কুমার সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতিও ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামে।
আদালত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply