শুভ জন্মদিন সাকিব

২৪ মার্চ ২০২১ (স্পোর্টস ডেস্ক): ২০০৬ সালে জাতীয় দলের হয়ে ক্রিকেট শুরু করেন তিনি। জন্ম দিয়েছেন অনেক রেকর্ডের। বলছি বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টারবয়’ সাকিব আল হাসানের কথা। আজ ২৪ মার্চ এই মহাতারকার ৩৩ তম জন্মদিন।

১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

এবারের জন্মদিনটি কতটুকু আনন্দে কাটবে তা প্রশ্নবিদ্ধ। কারণ, জন্মদিনে সাকিব পাশে পাচ্ছেন না স্ত্রী শিশিরকে। কোলে তুলে নিতে পারছেন না সদ্য ভূমিষ্ঠ ফুটফুটে ছেলেসহ দুই মেয়েকে।

রোববার রাতে আইপিএলের প্রস্তুতি সারতে একাই দেশে ফিরেছেন সাকিব।

সাকিব আল হাসানের বাবার নাম মাশরুর রেজা। ছিলেন কৃষি ব্যাংকের কর্মকর্তা। তিনি নিজে ছিলেন ফুটবলের ভক্ত। খেলতেন জেলার বিভিন্ন লিগে। বাবার পছন্দের বিপরীতে ছেলে হলেন ক্রিকেটার।

মাগুরা মাতিয়ে সাকিব বিকেএসপিতে এসে ভর্তি হন ৬ মাসের কোর্স করার জন্য। মাত্র ১৫ বছর বয়সে সুযোগ পান অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার। এছাড়া জাতীয় লিগে খেলার জন্য তালিকাভূক্ত হন খুলনা বিভাগীয় দলে।

২০০৫ সালে অনূর্ধ্ব​-১৯ ত্রি-দেশীয় টুর্নামেন্টের ফাইনালে ৮৬ বলে সেঞ্চুরি করে ও ৩টি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন সাকিব। ২০০৬ সালের জিম্বাবুয়ে সফরে সাকিব প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান। ওয়ানডে অভিষেকের পরের বছরই ভারতের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অভিষেক হয় সাকিবের। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেন তিনি।

২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। টেস্টেও নিজের কার্যকারিতা প্রমাণ করে সেরা অলরাউন্ডারের আসন দখল করেন তিনি। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হন। যা ক্রিকেট বিশ্বে একমাত্র ঘটনা।

ওয়ানডেতে ২০৬ ম্যাচে ৩৭.৮৬ গড়ে করেছেন ৬৩২৩ রান। রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৭টি হাফসেঞ্চুরি। এক ম্যাচে সর্বোচ্চ স্কোর ১৩৪ (অপরাজিত)। আর ২০৩ ইনিংসে বল করে ৩০.২১ গড় ও ৪.৪৮ ইকোনোমিতে নিয়েছেন ২৬০ উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দুইবার। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।

বিশ্বে তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০০ রান এবং ৫০০ উইকেট অর্জন করেছেন সাকিব।

সাকিব আল হাসান/এসএকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *