২৮ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে এগিয়ে গেছে বাংলাদেশ। এমনটাই বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, উন্নয়নের সব সূচক অর্জিত হওয়ায় বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
রোববার দুপুরে আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, গত ১২ বছরে সব ক্ষেত্রে বাংলাদেশের যত অর্জন, সবগুলোর সাথে জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এমনকি, পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও এখন গুরুত্বের সাথে বলা হয়, সব সূচকে সেই দেশকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে গেছে।
তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খান বলেছিলেন দশ বছরের মধ্যে পাকিস্তানকে সুইডেন বানিয়ে দিবেন। তখন সে দেশের মানুষ বলেছিলেন আগামী দশ বছরে সুইডেন নয়, বাংলাদেশ বানিয়ে দেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনার ফলে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেক সহনীয় পর্যায়ে। পৃথিবীর অনেক উন্নত দেশে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটলেও বাংলাদেশে তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি।
ডক্টর হাছান বলেন, বিএনপি নেতাসহ সরকারের সমালোচকরা প্রথম থেকেই বলেছে, বাংলাদেশে কোটি কোটি মানুষ করোনায় আাক্রান্ত হবে। আর লাখ লাখ মানুষ মারা যাবে। তারা আরও বলেছিলেন, সরকার করোনা প্রতিষেধক টিকা আনতেই পারবে না। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে। টিকা উৎপন্ন হওয়ার আগেই টিকা কিনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়। সেই টিকা বাংলাদেশে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে টিকা দেয়া অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, যারা বলেছিলেন টিকা আনতে পারবে না সেই বিএনপি নেতারা এবং সমালোচকরা গোপনে টিকা নিচ্ছেন। তিনি বিএনপি নেতা এবং সমালোচকদের গোপনে না নিয়ে প্রকাশ্যে টিকা নেয়ার আহ্বান জানান। এ ব্যাপারে জনগণকে বিভ্রান্ত না করতেও তাদের প্রতি আহ্বান জানান ডক্টর হাছান।
তিনি বলেন, বিএনপি বলেছিল করোনা পরিস্থিতিতে দেশে হাজার হাজার মানুষ অনাহারে মারা যাবে। কিন্তু সরকারের যথাযথ পদক্ষেপে গত এক বছরে একজন মানুষও অনাহারে মারা যায় নি। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। যার ফলে, সরকারের মন্ত্রী, এমপিসহ কয়েক হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। অনেকে মারা গেছেন।
তথ্যমন্ত্রী নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন জানিয়ে বলেন, অথচ যারা রাজপথে সরকারের সমালোচানয় মুখর ছিলেন, দেশের মানুষের পাশে তারা ছিলেন না। করোনা পরিস্থিতিতে যখন শ্রমিক সংকটে কৃষকরা তাদের ক্ষেতের ফসল ঘরে তুলতে পারছিলেন না তখন প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মাঠে গিয়ে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। দেশে এই ধরনের নজির ইতোপূর্বে ছিল না।
হাছান মাহমুদ বলেন, সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, অসহায় গৃহহীন পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দিয়ে দেশে নজির সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানীভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি করে এখন ২০ হাজার টাকা করা হচ্ছে। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম এবং উন্নয়নের কথা দেশের মানুষের মধ্যে প্রচার করতে আওয়ামী লীগের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। এছাড়াও, যারা নিজেদের পিঠ বাঁচাতে দলে ভিড়েছেন তাদের দলে অন্তর্ভুক্ত না করে ত্যাগী এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে আগামী কমিটি গঠন করার পরামর্শ দেন।
আত্রাই উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এবং আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল।
সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেক।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে নৃপেন্দ্রনাথ দত্ত দুলালকে সভাপতি ও মোহাম্মদ আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে আত্রাই উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
















Leave a Reply