২৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশের সাংবাদিকতা ও সঙ্গীত জগতের অনন্য নক্ষত্র সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ। বেশ কয়েকটি কালজয়ী গানেরও অনন্য স্রষ্টা তিনি।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে তিনি জন্মগ্রহন করেন। বাবা গোপাল চৌধুরী ও মা প্রভাষিণী চৌধুরী। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে চলে আসেন ঢাকায়। ভর্তি হন বকশী বাজারের নবকুমার ইনস্টিটিউটে। ১৯৭৮ সালে তিনি এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন। ১৯৮০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষাতেও স্থান করে নেন মেধা তালিকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে ভর্তি হয়েছিলেন গণিত বিভাগে। পরে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে।
শিক্ষা জীবনেই জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে। একদিকে সঙ্গীতের সাধনা, অন্যদিকে রাজপথের ঝাঝালো মিছিল। এরশাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী সঞ্জীব চৌধুরী গান বাঁধতেন আর তা সংস্কৃতি সংসদের বন্ধুদের নিয়ে গাইতেন। উজ্জীবিত করতেন দ্রোহের মিছিল। এরশাদবিরোধী আন্দোলনে তার লেখা ‘রাশপ্রিন্ট’ ব্যাপক সমাদৃত হয় গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের মাঝে।
বিশ্ববিদ্যালয় জীবনেই সঞ্জীব চৌধুরী যুক্ত হন সাংবাদিকতার সাথে। কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায় দিন পত্রিকায়। এরশাদবিরোধী আন্দোলনে লিখতেন কয়েকটি সাপ্তাহিক কাগজে। আজকের কাগজ পত্রিকায় ‘ইথার থেকে’ ছিল তার অনবদ্য সৃষ্টি। ভোরের কাগজ পত্রিকা ফিচারকে জনপ্রিয় করে তোলে। বাংলাদেশে সংবাদপত্র জগতে ফিচারের এই নিজস্ব অবস্থান তৈরি করে নেয়ার পিছনের অন্যতম কারিগর সঞ্জীব চৌধুরী।
আরও পড়ুন: শুভ জন্মদিন সঞ্জীব চৌধুরী
সংস্কৃতি সংসদের ভোকাল সঞ্জীব চৌধুরী, অরণি শিল্পী গোষ্ঠীর ভোকাল বাপ্পা মজুমদার ও মন্দিরার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ব্যাণ্ড দল) ভোকাল মিঠু যার যার দল ছেড়ে এসে গড়ে তুললেন ‘দলছুট’। দলছুট গেয়েছে মানবতার গান, জীবনের গান। সঞ্জীব চৌধুরীর জীবদ্দশায় দলছুটের ব্যানারে প্রকাশ পায় ৪টি অ্যালবাম। এইসব অ্যালবামের অধিকাংশ গানের গীতিকার ছিলেন সঞ্জীব চৌধুরী। কোন কোন গানে তিনি সুরও দিয়েছেন।
আরও পড়ুন: মারা গেছেন সাংবাদিক রিয়াজ উদ্দিন
বাইলেটারেল সেরিব্রাল স্কিম স্ট্রোকে আক্রান্ত হলে ২০০৭ সালের ১৫ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ নভেম্বর মাত্র ৪৩ বছর বয়সে তিনি চলে গেলেন একমাত্র মেয়ে কিংবদন্তী ও স্ত্রী আলেমা নাসরীন শিল্পীর মায়া ছেড়ে।
ক্ষণজন্মা এ মানুষটির জন্মদিনে আর্ট নিউজের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
সঞ্জীব চৌধুরী/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply