সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না

নিউজ ডেস্ক: বিএনপি প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। আর তাই সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপি এরই মধ্যে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে। এমন একটি সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমিও বলছি।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন বিএনপি নিজেই পণ্ড করেছে। তারা নিজেদের জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে দুটি ঘটনায়- প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ও একজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে হত্যা করে। এরপর বিএনপির সাথে আর জনমত থাকার কথা নয়। তাদের আন্দোলন তারাই পণ্ড করেছে, আমাদের কিছু করার নেই। পুলিশের সাথে গণ্ডগোল তারা শুরু করেছে।

নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধান যেভাবে বলছে, সেভাবেই আমাদের টার্ম শেষ হবে- জানুয়ারির ২৪ তারিখে। তার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। ইসি নির্বাচন সিডিউল ঘোষণা করবে। এটা সরকারের বিষয় না- এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এর বাইরে আমরা আগেও বলিনি, এখনও বলছি না।

তিনি বলেন, আমরা অন্য কোনও দেশের কথা শুনে পরামর্শ নেব? তারা (বিদেশিরা) কি নেয় আমাদের পরামর্শ? তারা যখন করে না, তাহলে আমরা কেন করব? উই হ্যাভ এ কনস্টিটিউশন। এসব মেনে আমাদের সংবিধানের ব্যাত্যয় ঘটিয়েছি কি না- তা নিয়ে বন্ধুদের আপত্তি থাকতেই পারে, তারা বলতে পারেন। এটা একটি স্বাধীন নির্বাচন। ইসি ইলেকশন করবে। এ সময়ে সরকার রুটিন ওয়ার্ক করবে কেবল। সরকারের মন্ত্রীরা সরকারি গাড়ি ও পতাকা ব্যবহার করতে পারবেন না। আমরা আমাদের নিয়ম অনুযায়ী এগিয়ে যাব।

জাতিসংঘের বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় নেই। সুদান ও গাজায় কী হচ্ছে? জাতিসংঘের কোনও কার্যকারিতা নেই বাস্তবে। তাদের আসল দায়িত্ব তারা তো পালন করতে পারছে না।

ওবায়দুল কাদের/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *