১০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জামিন বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। ফলে সম্রাটের জামিন প্রশ্নে হাইকোর্টের রায়ই বহাল থাকল।
বুধবার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ আগস্ট ঢাকায় ক্যাসিনোকাণ্ডের হোতা হিসেবে পরিচিত ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। গত ২৩ মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বারজজ আদালত। এর পর সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সেটি আদেশের জন্য রাখেন আদালত।
এর আগে গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন শর্তে জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply