আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃংখলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে। এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শনিবার দুপুরে সিলেটের রিকাবীবাজারস্থ সিলেট পুলিশ লাইনসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনে দায়িত্ব ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম আছে। নির্বাচন কমিশনের দেয়া যে কোনও দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও যে কোনও পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদা প্রস্তুত থাকবে।
গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, কেউ গুজব রটানোর চেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নির্বাচনের আগে অনাকাঙ্খিত সব বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। ঘটে যাওয়া এসব বিষয়ের তদন্তও অব্যাহত রয়েছে পুলিশের।
ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো প্রসঙ্গে আইজিপি বলেন, সিলেটসহ সারা দেশের পর্যটন খাত বিকশিত হচ্ছে। এর সাথে তালমিলিয়ে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে। এক সময় ট্যুরিস্ট পুলিশ ছিল না, জেলা পুলিশ দিয়ে দায়িত্ব পালন করা হতো। প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ করে দিয়েছেন। ট্যুরিস্ট পুলিশের সংখ্যা ও সক্ষমতা আরও বাড়ানো হবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে আইজিপি বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে দুপুর ১২টায় সিলেট বিভাগের সব থানার ওসিদের সাথে মতবিনিময় করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আইজিপি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply