সিএনএনের চেয়ারম্যান ও সিইও পদ ছাড়লেন ক্রিস লিচট

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছেড়েছেন ক্রিস লিচট।

ক্রিসের পদত্যাগ অবিলম্বে কার্যকর হওয়ার কথা গতকাল বুধবার ঘোষণা করে সংবাদ নেটওয়ার্কটির মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি।

আপাতত সিএনএনকে নেতৃত্ব দেয়ার জন্য মালিকানা কোম্পানি একটি অন্তর্বর্তী দল নিযুক্ত করেছে।

সংবাদমাধ্যমটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যামি এনটেলিস, ভার্জিনিয়া মোসেলি, এরিক শার্লিং ও চিফ অপারেটিং অফিসার ডেভিড লেভি এখন অন্তর্বর্তী ভিত্তিতে সিএনএনের নেতৃত্ব দেবেন।

গত বছর সিএনএনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ক্রিস। তিনি মাত্র ১৩ মাস এই পদে ছিলেন। দায়িত্বকালে তিনি নানা কারণে ব্যাপকভাবে সমালোচিত হন। কারণগুলোর মধ্যে ছিল সম্পাদকীয় সিদ্ধান্ত, কর্মী ছাঁটাই, কর্মী অসন্তোষ, রেটিং কমে যাওয়া, মুনাফা কমার মতো বিষয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টাউন হল সাক্ষাৎকার প্রচার করে সিএনএন। সাক্ষাৎকারটি প্রচারের পর সিএনএনের রেটিং কমে যায়।

২ জুন যুক্তরাষ্ট্রের ‘দ্য আটলান্টিক’ সাময়িকীতে ক্রিসের নানা সমালোচনা করে একটি দীর্ঘ নিবন্ধ প্রকাশিত হয়। সিএনএনে যেভাবে ট্রাম্পের সাক্ষাৎকার প্রচার করা হয়েছে, তা নিয়েও এই নিবন্ধে তীব্র সমালোচনা ছিল। সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্রিসকে পদ ছাড়তে হলো।

সিএনএনের মালিকানা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি প্রেসিডেন্ট ও সিইও ডেভিড জাসলাভ বলেছেন, ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্রিসের প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে। সিএনএনকে নেতৃত্ব দেয়ার মতো কঠিন কাজটি করতে গিয়ে ক্রিস তার মন-প্রাণ নিংড়ে দিয়েছিলেন।

সিএনএন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *