৮ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনে আটকে পড়া এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ থেকে উদ্ধার করা ২৮ নাবিক রোমানিয়া থেকে বুধবার ঢাকায় ফিরছেন।
মঙ্গলবার রাতে রোমানিয়া থেকে তারা একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। কাল দুপুরে তারা ঢাকায় পৌঁছুবেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মোহাম্মদ মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও নিহত হাদিসুর রহমানের লাশ এখনই দেশে আনা হচ্ছে না। তার লাশ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে আনা হবে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। কিছুদিন পরই সিরামিকের কাঁচামাল ‘সিমেন্ট ক্লে’ নিয়ে জাহাজটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এতে বন্দরেই আটকে যায় জাহাজটি।
জাহাজটিতে ২৯ জন নাবিক ছিলেন। ২ মার্চ রাতে জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। পরে আটকেপড়া এই জাহাজের ২৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।
এরপর হাদিসুরের লাশ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করে মলদোভাতে নেয়া হয়। সেখান থেকে ৬ মার্চ তাদের রোমানিয়ায় নেয়া হয়।
বাংলার সমৃদ্ধি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















