নিউজ ডেস্ক, কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে তাহসিন হোসাইন নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত ১৬ বছর বয়সী ওই কিশোর কুমিল্লার দেবীদ্বার সদরের বাসিন্দা গোলাম হোসেনের ছেলে। সে কুমিল্লার লাকসাম সড়কের জামিয়া আরাবিয়া কাশেমুল উলুম মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, আজ সকাল সাতটার দিকে তাহসিনের সাথে একই মাদ্রাসার আরও তিন ছাত্র রিফাত রহমান, ফয়েজ উল্লাহ ও মোহাম্মদ নোমান সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামে। চারজন টিউবে উঠে সাগরের পানিতে ভাসছিল। হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় চারজন টিউব থেকে ছিটকে পড়ে। স্থানীয় বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা তিনজনকে সমুদ্র থেকে উদ্ধার করলেও তাহসিন স্রোতের টানে ভেসে যায়। বেলা তিনটার দিকে প্রায় এক কিলোমিটার দূরে সৈকতের শৈবাল পয়েন্টে মরদেহ ভেসে আসে। এরপর কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন।
তিনি বলেন, চার মাদ্রাসাছাত্র কাউকে না জানিয়ে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা থেকে বাসে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। আজ সকালে কক্সবাজার শহরে পৌঁছে চার শিক্ষার্থী সৈকতে নেমে পড়ে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, তাহসিনের মা–বাবা কুমিল্লা থেকে কক্সবাজারের পথে রওনা দিয়েছেন।
কক্সবাজার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply