হাকালুকি হাওরের উন্নয়নে পরিকল্পনা

১০ জুন ২০২১ (নিউজ ডেস্ক, মৌলভীবাজার): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, হাকালুকি হাওরের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার মৌলভীবাজার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক বনায়নে উপকারভোগীর মধ্যে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাধবকুণ্ড ইকোপার্কে একটি কেবল কার এবং জুড়ীর লাঠিটিলায় জাতির পিতা বঙ্গবন্ধুর নামে একটি সাফারি পার্ক স্থাপন করা হবে। দেশ হিসেবে উন্নত হয়েছি বলেই এগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।

পরিবেশ মন্ত্রী বলেন, বৃক্ষহীন পাহাড় কে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সরকার এবছর আট কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা নিয়েছে। প্রত্যেকে তিনটি করে গাছের চারা লাগালে প্রতিবছর প্রায় পঞ্চাশ কোটি গাছ লাগানো সম্ভব। গাছের চারা লাগালেই হবে না, এগুলির পরিচর্যা করতে হবে। তিন বছর পর্যন্ত পরিচর্যা করলে গাছ নিজে থেকেই বড় হতে পারবে।

মন্ত্রী বলেন, যতবেশি গাছ লাগানো হবে, বাতাস তত বেশি ঠান্ডা হবে। পরিবেশ বাসযোগ্য থাকবে। সুন্দরবন আমাদের অনেক বড়ো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সারাদেশে সুন্দরবনের মতো গাছ লাগাতে পারলে আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো।

উল্লেখ্য, অনুষ্ঠানে সামাজিক বনায়নে ১২৯ জন উপকারভোগীর মধ্যে ৫৫ শতাংশ লভ্যাংশ হিসেবে ৪৩ লাখ ২৭ হাজার ৮৭২ টাকার লভ্যাংশ এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মধ্যে ৫ শতাংশ হিসেবে ৩ লাখ ৯৭ হাজার ৬০ টাকার লভ্যাংশ বিতরণ করা হয়। এর মোট পরিমাণ ৪৭ লাখ ২৪ হাজার ৯৩২ টাকা। এর আগে একই স্থানে মন্ত্রীর ঐচ্ছিক তহবিলের ৬ লাখ ৭২ হাজার টাকার চেক, মসজিদ-মন্দির এ ১ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক এবং উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে সেলাই মেশিন এবং মাছের পোনা ও বিতরণ করা হয়।

মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম/আরএম