হাসপাতালে বন্যার পানি

২৬ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাজ্য): ভারী বৃষ্টিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেখা দিয়েছে বন্যা। দুটি হাসপাতালে ঢুকছে বন্যার পানি। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে রোগীদের ভর্তি করা হচ্ছে না। ফিরিয়ে দেয়া হচ্ছে অ্যাম্বুলেন্সও।

রোববার সৃষ্টি হওয়া এই বন্যায় ডুবে গেছে শহরের অনেক বাড়িঘর, সড়ক ও স্টেশন। রাস্তায় আটকা পড়েছে যানবাহন। দুর্যোগের মধ্যে বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছে শহর কর্তৃপক্ষ। খবর: বিবিসি।

বন্যায় ডুবে যাওয়া হাসপাতাল দুইটির হলো ইস্ট লন্ডনস হুইপস ক্রস ও নিউহ্যাম হাসপাতাল।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে নিউহ্যাম হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে আমরা পাশে আছি। তবে আমরা যতক্ষণ পরিস্থিতি সামলাচ্ছি, সম্ভব হলে আপনারা আশপাশের হাসপাতালগুলোতে যাবেন।

একই ধরনের সমস্যার কথা জানিয়েছে ইস্ট লন্ডনস হুইপস ক্রস হাসপাতাল কর্তৃপক্ষও।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিপাতের ফলে লন্ডনের ব্ল্যাকওয়েল টানেল, এ ১২, নর্থ সার্কুলারের কিছু অংশসহ বেশ কয়েকটি এলাকার সড়কে যাতায়াত বন্ধ হয়ে গেছে। পূর্ব লন্ডনের উডফোর্ড এলাকার একটি রাস্তার বাসিন্দাদের বালতি দিয়ে বাসা থেকে পানি বের করতে দেখা গেছে।

পরিস্থিতি উল্লেখ করতে গিয়ে এডি ইলিয়ট নামের এক তরুণ জানান, আমার লন্ডনে জন্ম হয়েছে এবং এখানেই বড় হয়েছি। আমি জীবনেও এমন কিছু দেখিনি। এটিই লন্ডন শহরে তার দেখা সবচেয়ে ভয়াবহ বন্যা।

বন্যা/এসকেএম