৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): রাষ্ট্রীয় ক্ষমতার প্রায় ১৪ বছরে বিএনপির উপর কোন অত্যাচার করা হয় নাই। কিন্তু বিএনপি যখনই সুযোগ পায়, তখনই আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর অত্যাচার করে। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। এমনটাই বলেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতি অর্থ হলো বড় মনের পরিচয় দেয়া। রাজনীতি মানে এই নয় প্রতিহিংশায় লিপ্ত হতে হবে। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না।
যে কোন সময় সরকার বিদায় নেবে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দেন তোফায়েল আহমেদ। বলেন, আওয়ামী লীগকে বিদায় করা এতো সহজ নয়। বারবার বিএনপিকেই আওয়ামী লীগ বিদায় দিয়েছে। ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপিকে ১৩ দিনে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে আওয়ামী লীগ।
তোফায়েল বলেন, ১৪ বছর ধরে বিএনপি মহাসচিব বলে আসছেন আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই। ফখরুল ইসলাম বক্তৃতা আর প্রেস ব্রিফিং করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। এছাড়া তাদের আর কোন কাজ নাই।
সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে শক্তিশালী আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। যাতে ডাক দিলে হাজার-হাজার মানুষ উপস্থিত হয়।
জেলা আওয়ামী লীগের এ সভায় সভাপ্রধান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দোস্ত মাহমুদ। বক্তব্য রাখেন মইনুল হোসেন, আজিজুল ইসলাম, নাজিবুল্লাহ নাজু, আলী নেওয়াজ পলাশ, শাহে আলম, আতিকুর রহমান, আবু ছায়েম ও রায়হান আহমেদ।
তোফায়েল আহমেদ/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply