১৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ ও বিএনপি যেন দেশের ইজারা নিয়েছে। এমন মন্তব্য জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের।
শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিন গাজীপুর মহানগর জাতীয় পার্টিতে অবসরপ্রাপ্ত মেজর আলহাজ্জ মোহাম্মদ শাহ আলম জমাদার ও ব্যবসায়ী আলম সরকার এর নেতৃত্বে কয়েকশো নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।
জিএম কাদের বলেন, দুটি দলের আদর্শগত অমিল রয়েছে কিন্তু চরিত্রগত কোন অমিল নেই। আওয়ামী লীগ ও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে এক ধরনের কথা বলে আর ক্ষমতার বাইরে গিয়ে অন্যরকম কথা বলে। বিরোধী দলে থাকলে নির্বাচনের সময় তত্বাবধায়ক সরকার চায় আর ক্ষমতায় গেলে বলে তত্বাবধায়ক সরকার প্রয়োজন নেই। ক্ষমতায় থাকলে দেশের দুর্নীতি, বিচার বর্হিভূত হত্যা আর গুম বিষয়ক আন্তর্জাতিক রিপোর্ট সম্পর্কে বলেন সবই ভূয়া। আর বিরোধী দলে থাকলে বলে সব রিপোর্টই সঠিক।
তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজছে। আওয়ামী লীগ ও বিএনপি জনগনের হাত থেকে দেশের মালিকানা লুট করেছে।
জিএম কাদের বলেন, বৃটিশ আমলে দেশের টাকা লুট হয়ে লন্ডনে যেতো। পাকিস্তান আমলে দেশের টাকা লুট হয়ে ইসলামাবাদ যেতো। এখন দেশের টাকা লুট হয়ে বিভিন্ন দেশে যায়। শুধু মাত্র সুইস ব্যাংকে গেলো এক বছরে প্রায় তিন হাজার কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে।
তিনি বলেন, দেশের মানুষ এখন বুঝতে পেরেছে জাতীয় পার্টিই দেশের মানুষকে সুশাসন দিতে পারবে। আর এ কারণেই প্রতিদিন জাতীয় পার্টির পতাকাতলে যোগ দিচ্ছেন অসংখ্য মানুষ। আমরা সাধারণ মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে রাজনীতি করছি।
জিএম কাদের/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














