আক্রান্তের নতুন রেকর্ড দক্ষিণ আফ্রিকায়

৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, দক্ষিণ আফ্রিকা): দক্ষিণ আফ্রিকায় করোনার দৈনিক সংক্রমণে রেকর্ড তৈরি হয়েছে। নতুন করে ২৪ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা জানুয়ারির সর্বোচ্চ সংক্রমণ ২১ হাজার ৯৮০-কেও ছাড়িয়ে গেছে।

দেশটির দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস থেকে জানানো হয়েছে, নতুন করে একদিনে ২৪ হাজার ২৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৮২৬ জনে।

গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ৩০৩ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩২ জনে।

করোনার ডেল্টা ধরণের কারণে দেশটিতে সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের টিকা দেয়া বন্ধ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা গত সপ্তাহে আরো ১৪ দিনের বিধিনিষেধ আরোপ করেছেন। বিধিনিষেধে অ্যালকোহলে নিষেধাজ্ঞা, স্কুল বন্ধ, খাবারের দোকান ও সব ধরনের সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ায় ৫০ জনের বেশি লোক অংশ নিতে পারবে না বলেও বিধি নিষেধে উল্লেখ করা হয়েছে।

দেশটিতে ফেব্রুয়ারিতে টিকা দেয়ার কাজ শুরু হলেও গতি খুব ধীর। মোট ৫ কোটি ৯০ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ৩২ লাখ লোককে টিকা দেয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় করোনা/আরএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *