আজ পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত কামনায় আজ রাতে নফল ইবাদত বন্দেগী করবেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলমানেরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। তবে করোনা ভাইরাসের কারণে এ বছর মসজিদে ও কবরস্থানে যেতে সবাইকে নিরুৎসাহিত করা হয়েছে।
মহিমান্বিত এ রাতে আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানরা এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা উভয়েই করোনা ভাইরাসের কারণে ঘরে বসেই ইবাদত বন্দেগী করার জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান।
করোনা ভাইরাসের কারণে এ বছর কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে নিজ নিজ ঘরে বসে এই পবিত্র রজনীতে ইবাদত-বন্দেগী করা এবং করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে বিশেষ দোয়া করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়।















Leave a Reply