আদালতের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

২৪ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): লক্ষ্মীপুরে আদালতের ছাদ থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ৫ তলার ছাদ থেকে লাফ দেন তিনি। আদালতে উপস্থিত জনতা দৌড়ে এসে দেখেন ততক্ষণে মারা গেছেন ওই যুবক।

নিহত যুবকের নাম রাকিব হোসেন রোমান। রাকিব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর মজুপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। পৌরসভার মোটকা মসজিদ এলাকায় বড় ভাই সোহেল হোসেনের সাথে তিনি ভাঙাড়ি ব্যবসা করতেন।

আত্মহত্যার আগে ফেসবুকে ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিওবার্তা দেন রাকিব। ভিডিওতে তার এ মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে উল্লেখ করেন তিনি। ভুল-ত্রুটির জন্য মা-বাবার কাছে ক্ষমাও চান নিহত ওই যুবক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদালতে তখন যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি শব্দ শুনতে পান লোকজন। তাৎক্ষণিক দেখতে পান জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এক যুবক পড়ে আছেন। আদালতে উপস্থিত থাকা মানুষ জড়ো হতে থাকেন। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পরেন পরিবারের লোকজন।

নিহত রাকিবের বড় ভাই সোহেল হোসেন জানান, পারিবারিক কিছু বিষয় নিয়ে সকালে রাকিবকে বকাঝকা করা হয়। পরে সে দোকান থেকে অভিমান করে বের হয়ে আসেন। এর পর রাকিব আত্মহত্যা করেছেন বলে খবর পাই।

পুলিশের কোর্ট পরিদর্শক কিশোর কুমার জানান, আদালত ভবনের ছাদ থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানও হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আত্মহত্যা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *