৫ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, তুরস্ক): কৃষ্ণ সাগরে রাশিয়া অবরোধ তুলে নেয়ার পর ইউক্রেন থেকে শস্য বোঝাই আরও তিনটি জাহাজ রওনা হয়েছে। জাতিসংঘ-সমর্থিত চুক্তির অধীনে রাশিয়া এ অবরোধ তুলে নেয়।

খাদ্যশস্য নিয়ে ইউক্রেন ছেড়েছে এমভি রোজেন। ছবি: রয়টার্স
শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পানামার পতাকাবাহী নাভিস্টার ৩৩ হাজার টন শস্য নিয়ে ওডেসা বন্দর ছেড়েছে। গন্তব্য আয়ারল্যান্ড। এছাড়া চোরনোমর্স্ক বন্দর ছেড়েছে দুটি জাহাজ। মাল্টার পতাকাবাহী রোজেন ১৩ হাজার টন শস্য নিয়ে ব্রিটেনের দিকে এবং তুর্কি পতাকাবাহী পোলারনেট ১২ হাজার টন শস্য নিয়ে তুরস্কের দিকে রওনা হয়েছে। বার্বাডোস-পতাকাবাহী খালি জাহাজ ফুলমার শস্য বোঝাই করার জন্য চোরনোমর্স্ক বন্দরের দিকে যাচ্ছে।
ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ করে। মস্কো ও কিয়েভ গত মাসে ইস্তাম্বুলে ইউক্রেনীয় বন্দরগুলি থেকে গম ও অন্যান্য শস্যের চালান পুণরায় শুরু করতে সম্মত হয়।
২৬ হাজার টন ভুট্টা বোঝাই প্রথম জাহাজটি সোমবার ওডেসা বন্দর থেকে লেবাননের ত্রিপোলি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়।
বুধবার রাশিয়া ও ইউক্রেনের পরিদর্শকদের একটি দল সিয়েরা লিওনের পতাকাবাহী রেজোনিকে বসফরাস প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেয়।
আরও পড়ুন: বুরকিনো ফাসোয় নিহত ১২
তুরস্ক, জাতিসংঘ এবং দুটি যুদ্ধরত পক্ষের কর্মকর্তাদের সমন্বয়ে আন্তর্জাতিক দল জাহাজগুলোর চলাচল তত্ত্বাবধান করছে।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন বিশ্বজুড়ে গম ও অন্যান্য শস্যের প্রধান সরবরাহকারী। ইউক্রেন থেকে প্রায় সব চালান বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে।
ইউক্রেন/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply