ঈদ পর্যন্ত লকডাউন?

২৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন থাকতে পারে ঈদ পর্যন্ত। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৫ মে পর্যন্ত লকডাউন। এরপর ঈদের আগে কর্মদিবস আছে তিনটি। এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে ভাবছে আন্তঃমন্ত্রণালয় কমিটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র এ বিষয়ে জানিয়েছে, ঈদ পর্যন্ত লকডাউন অব্যাহত রাখার পাশাপাশি সীমিত আকারে গণপরিবহন চলাচলের বিষয়টি ভাবা হচ্ছে।

ঈদের আগে কর্মদিবস রয়েছে ৬, ৯ ও ১১ মে। এর মধ্যে ৭ ও ৮ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ১০ মে শবে কদরের সাধারণ ছুটি। এ বছর রমজান মাস ২৯ দিন হলে ঈদ হবে ১৩ মে। আর ৩০ দিনের হলে ঈদ হবে ১৪ মে।

এর আগে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। তবে সিদ্ধান্ত যা-ই হোক, তা ৫ মে-এর আগেই জানিয়ে দেয়া হবে।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হতে পারে।

লকডাউন/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *