এইচএসসির ফলাফল প্রকাশ

৩০ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী।

শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে থেকে ফল প্রকাশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

করোনা মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। জেএসসি ও এইচএসসি পরীক্ষার ফলেরভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হয়।

এইচএসসি ও সমমানে গত বার পাশের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ। তার আগের বছর ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ।

২০২০ সালের পয়লা এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ নির্ধারিত ছিল। তাতে অংশ নেয়ার কথা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৬ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয়, পিইসি ও জেএসসি’র মতো এইচএসসি পরীক্ষাও নেয়া যাচ্ছে না।

গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। কিন্তু আইনে পরীক্ষা নিয়ে ফল প্রকাশের বিধান থাকায় তা সংশোধন করে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের বিধান যুক্ত করতে হয়েছে, যা গত সপ্তাহে জাতীয় সংসদের অনুমোদন পায়।

সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সই করার পর সোমবার রাতে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) অ্যাক্ট-২০২১’, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১ গেজেট আকারে প্রকাশিত হয়।

এরপর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত, ঘোষণা ও সনদ বিতরণের জন্য শিক্ষা বোর্ডগুলোকে ক্ষমতা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসি ফল/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *