কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

১৮ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, কুমিল্লা): কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ নিহত হয়েছেন ছয়জনে। এতে আহত হয়েছেন আরও একজন যাত্রী।

শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার সাদেকপুর গ্রামের অটোরিকশাচালক ৬০ বছর বয়সী জুলহাস মিয়া এবং একই গ্রামের যাত্রী আবুল হাশেমের ছেলে ৩৫ বছর বয়সী জহিরুল ইসলাম, উপজেলার কংশনগর এলাকার দৌলত খানের ছেলে ৩৭ বছর বয়সী মোহাম্মদ জালাল উদ্দিন, একই এলাকার আব্দুল মতিনের ছেলে ২৭ বছর বয়সী আলমগীর হোসেন, দেবিদ্বার উপজেলার ছগুরা গ্রামের ৩৩ বছর বয়সী সাইফুল ইসলাম। এ ঘটনায় চিকিৎসাধীন নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত একজন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা বিআরটিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওসি বেলাল জানান, শুক্রবার ভোরে ক্যান্টনমেন্টগামী একটি সিএনজিকে মাটিবাহী একটি ড্রামট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। পরে চিকিৎসাধীন আহত একজনের মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করা হয়েছে, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *