চলমান সংঘাতে গাজায় জাতিসংঘের শতাধিক কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের শতাধিক কর্মী নিহত হয়েছেন।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ বলেছে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ১০২ জন জাতিসংঘের কর্মী নিহত হয়েছেন।

গতকাল ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে বলে, সবশেষ ২৪ ঘণ্টায় গাজার উত্তরে হামলায় সংস্থাটির এক কর্মী তার পরিবারের সদস্যসহ নিহত হয়েছেন। সব মিলিয়ে গাজায় জাতিসংঘের নিহত কর্মীর সংখ্যা এক শ ছাড়িয়ে গেছে।

ইউএনআরডব্লিউএর বিবৃতি আরও বলা হয়, জাতিসংঘের ইতিহাসে কোনও সংঘাতে এই সংস্থার কর্মী নিহত হওয়ার সর্বোচ্চ সংখ্যা এটাই।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের অন্তত ২৭ কর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছে ইউএনআরডব্লিউএ।

ইউএনআরডব্লিউএর বিবৃতিতে বলা হয়, গাজায় নিহত সহকর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে জাতিসংঘের কার্যালয়গুলোতে গতকাল সোমবার সংস্থার পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। এ ছাড়া জাতিসংঘের সব কর্মীরা এক মিনিটের নীরবতা পালন করেছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের ভাষ্যমতে, হামাসের এই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।

৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাচ্ছে। এক মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ১১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪ হাজার ৬০০টির বেশি শিশু রয়েছে।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *