জয়পুরহাটে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক: জয়পুরহাটের কালাই উপজেলায় সৈয়দ আলী আকন্দ নামের এক বৃদ্ধকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার শিকটা গ্রামে নিজ বাড়ির শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ৮০ বছর বয়সী নিহত সৈয়দ আলী আকন্দ পুনট ইউনিয়নের শিকটা গ্রামের বাসিন্দা এবং তিন ছেলে ও দুই মেয়ের জনক। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুনট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোরশেদুল ইসলাম জানান, সৈয়দ আলী আকন্দ স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন। তার ছেলেরা আলাদা বাড়িতে বসবাস করেন। আজ সকালে নিহতের বড় ছেলে জমিতে আলু রোপণের জন্য যাওয়ার সময় বাবার বাড়ির মূল দরজা খোলা দেখতে পান। সেখানে শোবার ঘরে বাবাকে মৃত অবস্থায় দেখে তিনি ঘটনাটি তাকে (মেম্বার) জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহত সৈয়দ আলী আকন্দের গলার বাঁ পাশে ছুরিকাঘাতের ক্ষত দেখেন। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে তার লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

মোরশেদুল ইসলাম আরও বলেন, নিহত সৈয়দ আলী আকন্দের ২৫ থেকে ৩০ বিঘা জমি আছে। জমি কেনার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকা ছিল। রাতের কোনও এক সময় কেউ তার ঘরে ঢুকে টাকা নিয়েছেন। তাদের চিনতে পারায় তারা তাকে হত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী বলেন, বৃদ্ধ সৈয়দ আলীকে গলায় ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

জয়পুরহাট/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *