ডলারের বিপরীতে টাকার মান আরও কমল

২ জুন ২০২২ (নিউজ ডেস্ক): ডলারের বিপরীতে টাকার মান আরও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময়মূল্য ৯০ পয়সা বাড়ানো হয়েছে। অর্থাৎ টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। এতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, ২৯ মে ডলারের বিপরীতে টাকার মান কমে। সে সময় ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম সে সময় জানিয়েছিলেন, রোববার প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৭ টাকা ৯০ পয়সা থেকে এ পরিমাণ বাড়ানো হয়েছে।

সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেন ৮৯ টাকার হার কার্যকর হবে বলেও তখন জানিয়েছিলেন তিনি।

চাহিদা সংকটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু দিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম দফায় ডলারের দাম বাড়ানো হল।

৯ মে প্রথম দফায় দর বাড়ানো হয়েছিল । সেদিন ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে ৮৬ টাকা ৪৫ পয়সা ছিল বিনিময় হার।

আর গত ২৩ মে তৃতীয়বারের মত ডলারের বিপরীতে টাকার দর ৪০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক লেনদেনে নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা। রোববার পর্যন্ত কার্যকর ওই দর কার্যকর ছিল। এর পর চতুর্থ দফায় তা বাড়িয়ে ৮৯ টাকা করা হয়।

অর্থ বাণিজ্য/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ