৪ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের টিকাদান নিয়ে চলছে চরম অব্যবস্থাপনা। এ নিয়ে হাসপাতালের স্টাফদের সাথে টিকা নিতে যাওয়া নগরবাসীর মধ্যে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। ভুক্তভোগী জনতার সাথে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মারমুখী আচরণ করেন।
শনিবার বেলা সাড়ে ১০টায় ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে এমন চিত্র। করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিতে আসা অন্তত এক তৃতীয়াংশ মানুষ ভোগান্তির শিকার হন। টিকার সিরিয়াল নিতে গিয়ে এ সময়ে আসা নিবন্ধনকারীরা জানতে পারেন, টিকা শেষ হয়ে গেছে।
হাসপাতালের কোভিড-১৯ টিকা কেন্দ্রে আবদুর রহিম নামে একজন জানান, এক হাজার নিবন্ধনকারীকে এসএমএস দিয়ে জানানো হয় আজ (শনিবার) তাদের টিকা দেয়া হবে। কিন্তু সিটি করপোরেশন থেকে মাত্র ৭০০ ডোজ টিকা পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরেই এসএমএসপ্রাপ্ত মানুষের চেয়ে কম পরিমাণে টিকা আসছে। তাই জটিলতা তৈরি হয়েছে।
এ সময় টিকা কেন্দ্রে দায়িত্ব পালনকারী অন্য দুই ব্যক্তি টিকা নিতে আসা নিবন্ধনকারীদের সাথে দুর্ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা উপস্থিত গণমাধ্যমকর্মদের সাথেও অশালীন আচরণ করেন। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে গড়ালে ভুক্তভোগীরাই তা সামাল দেন।
নিবন্ধনকারীদের অধিকাংশই আর্ট নিউজকে জানান, তারা গত জুলাই মাসের ৭ থেকে ৯ তারিখের মধ্যে নিবন্ধন করেছেন। নিবন্ধনের ৫৮ দিন পর টিকা নিতে এসে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন।
টিকা নিতে পেরেছেন এমন কয়েকজন জানান, তারা ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হাসপাতালে এসে লাইনে দাঁড়িয়েছেন। যদ্ টিকাদান কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
এ বিষয়ে কথা বলার জন্য দুপুর ১২টায় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার বোরহান কবীরের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তার দফতর থেকে জানানো হয় তিনি একটি সভায় আছেন। এসময় সেলফোনে কল করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।
আরও পড়ুন: আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেয়া হবে
হাসপাতালের তৃতীয় তলার ৩০১ নাম্বার রুমে কোভিড ১৯ টিকাদানের তথ্য ও পরামর্শ কেন্দ্র। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মিসেস কামরুন্নাহার তথ্য ও পরামর্শ কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। এ সময় জানা যায়, তিনি সকাল ৯টার দিকে অফিসে এসে ১১টার মধ্যেই অফিস ত্যাগ করেন।
এদিকে, হাসপাতালে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় রয়েছে চরম উদাসীনতা। হাসপাতালের তথ্য কেন্দ্রেও পাওয়া যায় না সংশ্লিষ্টদের। হাসপাতালে গিয়ে টিকা কেন্দ্র খুঁজতে গিয়েও অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।
করোনা টিকা/আরএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply